আন্তকোন্দলে সুন্দরবনের দস্যু বাহিনীর প্রধান নূর হোসেন (৪৫) নিহত হয়েছেন। অর্থ ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে সুন্দরবনের চালতে বাড়িয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নূর হোসেনের বাড়ি কয়রা উপজেলায়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয় জেলেরা বনের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে তার মরদেহ লোকালয়ে নিয়ে আসে। পরে শ্যামনগর থানা পুলিশ নূর হোসেনের মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
সূত্র আরো জানায়, নুর হোসেনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অসংখ্য চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, নিজেদের বাহিনীর সদস্যদের মধ্যে আন্তকোন্দলের জের ধরে নূর হোসেন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, তাদের মধ্যে বিরোধ সৃষ্টির পর পরস্পর এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।