Sunday, November 22

সিপিএ সম্মেলন : গুরুত্ব পাবে তরুণদের সমস্যা

0

কমনওয়েলথ পার্লামেন্ট সম্মেলনে (সিপিএ) তরুণ সমাজের বিভিন্ন সমস্যা এবং উদ্বেগের জায়গাগুলোকে চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ খুঁজে বের করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব আকবর খান। তিনি বলেন, সিপিএভুক্ত ৫২টি দেশের ২০০ কোটিরও বেশি মানুষের ৬০ শতাংশই তরুণ। এরাই ভবিষৎ নেতৃত্ব দেবেন। তাই আগামী প্রজন্মকে সম্মান, মূল্যবোধ, আইনের শাসন, লিঙ্গ-সমতা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, সমাজ উন্নয়নে তরুণদের সম্পৃক্ততা এবং মানবাধিকারসহ অন্য গণতান্ত্রিক মূল্যবোধগুলো তাদের জানাতে হবে।

রাজধানীা হোটেল র‌্যাডিসনের হল মহুয়ায় বিদেশি অতিথিদের আগমন এবং সিপিএর কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি গতকাল বুধবার এসব কথা বলেন। তিনি দক্ষিণ আফ্রিকার দেশ গায়ানার নাগরিক। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিপিএর মিডিয়া কমিটির সদস্য এমপি নাবিল আহমেদ ও তানভীর ইমাম।

সিপিএ চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে তার পরিকল্পনা ও অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান আকবর আলী। তিনি বলেন, সংসদীয় কমিউনিটির জন্য এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ১৭ হাজার সদস্য এবং শতাধিক সংসদ যুক্ত রয়েছেন। কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসবেন। এ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার।

আকবর আলী মনে করেন, বাংলাদেশের ৫০ জন তরুণ তাদের সমস্যা ও উদ্বেগের জায়গাগুলো সম্মেলনে তুলে ধরবেন। তিনি বলেন, আইনপ্রণেতাদের এসব তরুণ-তরণীর মূল্যবান কথা শুনতে হবে। কারণ তারাই আগামীর নেতা এবং পরবর্তী নেতৃত্ব তারাই দেবেন।

আকবর খান বলেন, জলবায়ু পরিবতন, দুর্যোগ ব্যবস্থাপনা ও তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং কীভাবে সমস্যার সমাধান করা যায়, সম্মেলন এই বিষয়গুলোও গুরুত্ব পাবে। তিনি বলেন, সম্মেলনের প্রথম দিন নারী সংসদদের বৈঠক শুরু হবে। এখানে নারীদের অংশগ্রহণ আরো ফলপ্রসূভাবে বাড়ানো যায়, তা তুলে ধরা হবে। সংসদে নারী-পুরুষের সমতা ও অংশগ্রহণ নিশ্চিতে আমরা বদ্ধপরিকর, যা একটা অন্তর্ভুক্তমূলক সমাজ সৃষ্টি করবে। আমরা চাই সংসদে সংখ্যালঘুসহ অন্যদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। বাংলাদেশের সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। নারীর কথা তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ। এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হবে। প্রতিবন্ধীদের কীভাবে মূল স্রোতধারায় নিয়ে আসা যায়, সে বিষয়ে আলোচনা হবে। এসব প্রতিবন্ধী সিদ্ধান্ত গ্রহণের অংশ। সিদ্ধান্ত শুধু উচ্চ শ্রেণির কাছ থেকে এলে হবে না, ওই সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছ থেকেও আসতে হবে। তাই অন্তর্ভুক্তিতা, বৈচিত্র্যতার প্রতি সম্মান এগুলো এ আলোচনায় অত্যন্ত গুরুত্ব পাবে।

রোহিঙ্গা সংকট নিয়ে এ সম্মেলনের ভূমিকা কী থাকবে-এ প্রশ্নের জবাবে সিপিএর মহাসচিব বলেন, আগত বিদেশি সংসদ সদস্যরা এ বিষয়ে জানতে খুব কৌতূহলী। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে না। আমাদের এজেন্ডায় এ ইস্যুটি নেই। সিপিএ চেয়ারপারসন ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার আনুষ্ঠানিক বক্তৃতায় রোহিঙ্গাদের কষ্টের কথা তুলে ধরতে পারেন। সম্মেলনের নির্ধারিত আলোচ্যসূচিতে নেই, তবু সিপিএর বিধান অনুযায়ী এ বিষয়ে প্রশ্ন উত্থাপনের সুযোগ থাকবে।

উল্লেখ্য, মিয়ানমার সরকারের নির্যাতন ও নিধনের হাত থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে আগামী ৫ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে একটি বৈঠক হবে। ওই বৈঠকে সিপিএর আগ্রহী প্রতিনিধি সদস্যরা অংশ নিতে পারবেন। সেখানে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.