আগামীকাল শনিবার থেকে আন্তর্জাতিক ওয়াকফ সম্মেলন শুরু

0

আগামী শনিবার থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ওয়াকফ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সম্মেলনের উদ্বোধন করবেন। আর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে ‘রিভাইভাল অব ওয়াকফ ফর সোসিও ইকনোমিক ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করেছে। বিষয়টি তুলে ধরতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী ব্যাংক। বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আরস্তু খান বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং অনেক প্রসার লাভ করলেও ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমস তেমন প্রসারিত হয়নি। আবার পুঁজিবাজারেও এর প্রসারতা অনেক কম।

তিনি বলেন, অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বন্ড মার্কেট, পুঁজিবাজার এবং বিমা খাতে বিনিয়োগ করে অর্থ উত্তোলন করতে পারে। যেখানে ইসলামিক ফাইন্যান্স করতে পারে না। কারণ এসব মার্কেটে সেই ধরণের ইসলামিক প্রোডাক্ট চালু করতে পারেনি। ইসলামী ব্যাংক সেই ধরণের প্রোডাক্ট আনতে কাজ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক এ সেমিনারে ১১টি দেশের গবেষক ও বিশেষজ্ঞরা মোট ২৮টি প্রবন্ধ উস্থাপন করবেন। বাংলাদেশসহ ব্রুনাই, ইন্দোনেশিয়া, জাপান, সৌদিআরব, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অংশ নেবে এই আয়োজনে।

এসময় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম, প্রধান নিবার্হী মিয়া মোহাম্মদ আইউব এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.