রাজধানীতে ডিবি সদস্যকে ছুরিকাঘাত

0

রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

এ সময় এক ডিবি সদস্যকে ছুরিকাঘাত করা হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতরা হলেন ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের এএসআই বেলাল হোসেন ও কনস্টেবল সুজাত উল্লাহ।

ওই অভিযানে অংশ নেওয়া একজন পুলিশ কনস্টেবল জানান, রাত পৌনে ৮টার দিকে তারা কমলাপুর মসজিদের বিপরীত এলাকায় অভিযান চালাচ্ছিলেন। এ সময় অন্ধকারাচ্ছন্ন একটি অংশে দুর্বৃত্তরা বেলালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় কনস্টেবল সুজাতকেও মারধর করা হয়। পরে অভিযানকারী দলের অপর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

তিনি আরো জানান, ওই এলাকায় তল্লাশি চালিয়ে অন্তত দুজনকে তখন আটক করা হয়। তারাই হামলায় জড়িত কি-না তা নিশ্চিত নয়। তবে তাদের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের উপকমিশনার মীর মোদাচ্ছের হোসেন জানান, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.