৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলতি মাসের ২৯ তারিখে এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৩৯তম বিশেষ বিসিএসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে থেকে চূড়ান্ত হয়ে এলে পরীক্ষা গ্রহণের পদক্ষেপ নেয়া হবে।
আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত বিশেষ বৈঠকে তিনটি বিসিএসের বিষয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ সহকারী সার্জন আর ২৫০ সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে এই বিসিএসে। তবে ৩৯তম বিসিএসের বিধিমালা সংশোধনের জন্য জনপ্রশাসনে প্রস্তাব পাঠাবে পিএসসি।
এটি বিশেষ বিসিএস করার সিদ্ধান্ত হয়েছে। এসংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল গত ২৫ অক্টোবর প্রকাশিত হয়। এতে ৫ হাজার ৩৭৯ পাস করেছেন। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। মৌখিক পরীক্ষা হতে পারে নভেম্বরের শেষ দিকে।
৩৮তম বিসিএসের আবেদন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। গত ১০ আগস্ট এই বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।
এই বিসিএসে ২ হাজার ২৪ ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ডিসেম্বরের শেষে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।