Monday, November 9

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতে টিটুর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

ফেসবুকে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটূক্তি এবং অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় টিটুর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার দায়ে অভিযুক্ত টিটু চন্দ্র রায়কে (৪০) সোমবার রাতে নীলফামারী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় টিটুর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। সহিংসতার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিলো না- তাও খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, ছয় বছর আগে গ্রামছাড়া টিটু রায়ের শিক্ষাগত যোগ্যতা, এনজিও পরিচালিত একটি অনানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রে কিছু দিনের যাওয়া-আসা। ফেসবুক ব্যবহার করে এত বড় ঘটনার জন্ম দেবে টিটু, তা বিশ্বাস করে না তার স্বজন ও গ্রামবাসী।
ধর্ম অবমাননায় ব্যবহৃত ফেইসবুক আইডিটি ভুয়া বলে মনে করছে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি।
গত শুক্রবার রংপুরের ঠাকুরপাড়া গ্রামের যুবক টিটু রায় ফেসবুকে মহানবী (স.) সম্পর্কে কটুক্তি করেছে, এমন অভিযোগ তুলে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এক পর্যায় হিন্দুদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত জন আহত হন।

এরই মধ্যে হিন্দু বাড়ি-ঘরে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো অভিযোগে পুলিশের পক্ষ থেকে দুই হাজার মুসল্লির বিরুদ্ধে দুটি মামলা ও ১৩০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪ কিশোরকেও ছাত্রশিবিরের কর্মী দাবি করে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে আজ মঙ্গলবার সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে মেনে নেয়া হবে না, কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, রংপুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। সমাবেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.