চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বিদ্যুৎ কান্তি দাশ (৩০) ও অপু দাশ (২৯)। তারা দু’জন বন্ধু। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বন্ধু বাপ্পি দাশ (৩০)।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
নিহতদের মধ্যে বিদ্যুৎ পটিয়া উপজেলার বাকখাইন গ্রামের আশুতোষ দাশের ছেলে। অন্য দুজন চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকার অশোক দাশের ছেলে অপু ও দিলীপ দাশের ছেলে বাপ্পি। তারা তিনজনই টেইলার্সের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, তারা মোটরসাইকেলে করে সীতাকুণ্ডের কোথাও যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে তারা দুর্ঘটনার শিকার হন।
পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।