Monday, November 9

তরুণীকে গণধর্ষণ-হত্যা: ছাত্রলীগের দুই নেতা ফের রিমান্ডে

0

তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার বরগুনার পাথরঘাটা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টের তৃতীয় দফায় তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা থানা পুলিশের করা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৮ নভেম্বর পুলিশ এ রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন।

এদিকে ১৩ নভেম্বর প্রথম দফায় ওই দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৫ নভেম্বর বিকেলে দ্বিতীয় দফায় তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা কলেজের পেছনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই পাথরঘাটা থানায় হত্যা মামলা করা হয়। তিন মাসের তদন্ত শেষে পুলিশ প্রাথমিকভাবে চার ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করে। পরে ১১ নভেম্বর রাত থেকে ১২ নভেম্বর দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রুহি আনান দানিয়াল, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো. মাহমুদ এবং পাথরঘাটা কলেজের নৈশপ্রহরী মো. জাহাঙ্গীর হেসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে ১২ নভেম্বর মাহমুদ ও জাহাঙ্গীর ১৬৪ ধারায় আদালতে গণধর্ষণ ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.