গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় র্যাব ট্রেনিং স্কুলের উপ-সহকারী পরিচালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মহানগরীর পোড়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা (৩৪) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আবদুর রউফের ছেলে। তিনি সেনাবাহিনীর অ্যাডুকেশন কোরের কর্মকর্তা। সম্প্রতি র্যাব ট্রেনিং স্কুলে যোগদান করেন।
র্যাব জানায়, সোহেল রানা ছুটি শেষে সন্ধ্যায় বাসস্ট্যান্ডে নামেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। পরে সোহেল রানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন বলে জানান নাওজোড় হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক আবদুল হাই।