যা ভাবা হয়েছিল তাই; ভারতের রান পাহাড়ে চাপা পড়ল সফরকারী শ্রীলঙ্কা। কোহলিদের প্রথম ইনিংসে গড়া বিশাল রানের তাড়ায় চতুর্থ দিনের দুই সেশনই খেলতে পারল না লঙ্কানরা। হারল ইনিংস ব্যবধানে। রানের ব্যবধান ২৩৯! লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে বল হাতে ধ্বংসাত্মক হয়ে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন। তার দখলে ৪ উইকেট। বাকী তিন বোলার ২টি করে উইকেট ভাগাভাগি করলেন।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ২০৫ রানের জবাবে ৬ উইকেটে ৬১০ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। সেঞ্চুরি হয় ৩টি। ডাবল সেঞ্চুরি ১টি। রেকর্ড গড়া এই ডাবল সেঞ্চুরিয়ানের নাম বিরাট কোহলি (২১৩)। বাকী তিন সেঞ্চুরিয়ান মুরালি বিজয় (১২৮), চেতেশ্বর পুজারা (১২৮) এবং রোহিত শর্মা (১০২*)।
৪৫ ওভার বল করে ২০২ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার দিলরুয়ান পেরেরা।
৪০৫ রানের বিশাল টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ২১ রান তুলে তৃতীয় দিন শেষ করে দিনেশ চান্ডিমালের দল। আজ সোমবার চতুর্থ দিনে তাদের কোনো প্রতিরোধই লক্ষ্য করা যায়নি। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পড়ে লঙ্কানরা। সর্বোচ্চ ৬১ রান করা অধিনায়ক চান্ডিমাল উমেশ যাদবের বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন। ইনিংসে আর কোনো হাফ সেঞ্চুরি নেই। দ্বিতীয় সর্বোচ্চ রান থিরিমান্নের ২৩।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং উমেশ যাদব ২টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ছিলেন সবচেয়ে কৃপণ। ১১ ওভারে ২.৫৪ ইকনোমিতে দিয়েছেন মাত্র ২৮ রান। এই জয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ভারত।