বর্তমান সিইসি সরকারের নির্মিত সেই পুরোনো পথেই হাটবেন- রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ওবায়দুল কাদেরের বক্তব্যের সঙ্গে সিইসির বক্তব্যের সুর মিলে যাচ্ছে। তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আশঙ্কা প্রকাশ করে বলেন, ওবায়দুল কাদের ও সিইসির বক্তব্যের সুর একই হওয়া প্রমাণ করে- সিইসি সরকারের নির্মিত সেই পুরোনো পথেই হাটবেন।সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছিলেন, সরকার চাইলে আগাম নির্বাচনে ইসি প্রস্তুত। অপরদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী ২০১৮ সালের মধ্যে জাতীয় নির্বাচন হবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আগাম নির্বাচনও দিতে পারেন।

সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, একটি স্বাধীন নির্বাচন কমিশনের দায়িত্ব দেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে- চাকরি রক্ষার্থে সিইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি আমলে নিবেন না।

সিইসিকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, ‘আমি বিএনপির পক্ষ থেকে আবারো দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আপনি আওয়ামী সরকারের অশুভ ইচ্ছা পূরণের ‘খাঁচায় বন্দি তোতা পাখি হবেন না’। কেননা ষড়যন্ত্র, চক্রান্ত আর বড় বড় বুলির মায়াজাল সৃষ্টি করে গণতন্ত্রের ঘাতক প্রতিহিংসা পরায়ণ শেখ হাসিনা ও তার সরকারের অধীনে জাতীয় নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ কোন নীল নকশার ফাঁদে পা দিবে না। ’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, দক্ষিণ নগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.