ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ৪৮ জনের একটি সিন্ডিকেটের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সিন্ডিকেটের ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ ১০ জনকে গ্রেপ্তার করে সংস্থাটি। ওই ৪৮ জনের সিন্ডিকেট প্রশ্নপত্র ফাঁস করে ১ কোটি ৪০ লাখ টাকার বাণিজ্য করেছে বলে তথ্য পেয়েছে সিআইডি। চক্রটি ৪ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস করে আসছিল রাজধানীর ইন্দিরা রোডের পিপলস প্রেস থেকে। আর প্রশ্নপত্র ফাঁস করে আসছিলেন ওই প্রেসের কর্মচারী খান বাহাদুর। গতকাল সিআইডি তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এই কর্মচারী জানান, গত দুই বছরের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনি জড়িত। সিআইডি কর্মকর্তারা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের সবার সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করবেন।
গতকাল মালিবাগ সিআইডি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, ১৩ ডিসেম্বর জামালপুর থেকে সাইফুল ইসলাম নামে প্রশ্নপত্র ফাঁসকারীচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার তথ্য অনুযায়ী গতকাল গ্রেপ্তার করা হয় খান বাহাদুরকে। তিনি ইন্দিরা রোডের একটি প্রেসের কর্মচারী। ঢাবির ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ছাপানোর সঙ্গে সংশ্লিষ্ট। তার মাধ্যমেই ইন্দিরা রোডের ওই প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হয়।
সিআইডি পুলিশ ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহীউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে। তাদের কাজ ছিল ভর্তি পরীক্ষায় জালিয়াতির জন্য ডিভাইস সরবরাহ ও পরীক্ষার্থী সংগ্রহ। এই দুজনের দেওয়া তথ্যে গত ১ নভেম্বর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারজাদ সোবহান ও ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যে গ্রেপ্তার করা হয় আনিস চৌধুরীকে। গত ১১ ডিসেম্বর নাটোর ও পাবনা জেলা ক্রীড়া কর্মকর্তা রকিবুল হাসান ইসামীকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। প্রেস কর্মচারী খান বাহাদুরের সঙ্গে পূর্বপরিচয় ছিল সাইফুল ইসলামের, আর সাইফুল ইসলামের সঙ্গে রকিবুল হাসানের।
পুলিশ কর্মকর্তা মোল্যা নজরুল ইসলাম জানান, ইন্দিরা রোডে খান বাহাদুরের প্রেসে প্রশ্নপত্র ছাপার বিষয়টি জানার পর বিষয়টি রকিবুল হাসানকে জানানো হয়। প্রশ্নপত্র ফাঁস করে বাড়তি টাকা আয়ের বিষয়টি প্রথম রকিবুল হাসানের মাথা থেকে আসে। পরে তিনি সাইফুলের মাধ্যমে খান বাহাদুরের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করতেন। মূলত খান বাহাদুর, সাইফুল ইসলাম ও রকিবুল হাসানকে কেন্দ্র করেই প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেট গড়ে ওঠে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জানা গেছে, ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ^বিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ছেপে আসছিল পিপলস প্রেস। ওই প্রেসের তিন কর্মচারী খান বাহাদুর, আমিনুর রহমান ও মোবারক হোসেন। ২০১৪ সালের দিকে খান বাহাদুরের নিকটাত্মীয় সাইফুল ইসলাম গ্রাম থেকে এসে ফার্মগেটে তার কাছে ওঠেন। এই সাইফুল ইসলামের সঙ্গে তৎকালীন ক্যামব্রিয়ান কলেজের শিক্ষক রকিবুল হাসান ইসামীর পরিচয় হয়। পরে সাইফুল জানতে পারেন, খান বাহাদুরের প্রেসে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রশ্নপত্র ছাপা হয়। এ ঘটনা তিনি জানান ইসামীকে। এর পরই ইসামীর প্ররোচনায় সাইফুল প্রশ্নপত্র ফাঁসে সহায়তা করতে খান বাহাদুরকে নানা প্রলোভন দেন। ২০১৪ সালে বাহাদুরকে টলাতে ব্যর্থ হন। ২০১৫ সালে বাহাদুরকে ৫০ হাজার টাকা দিয়ে পিপলস প্রেস থেকে ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র পরীক্ষার আগেই বের করে আনতে সক্ষম হন ইসামী ও সাইফুল। ২০১৬ সালে বাহাদুরকে তিন লাখ টাকা দিয়ে আবার প্রশ্নপত্র ফাঁস করা হয়।
সিআইডি বলেছে, ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মহীউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের পর একের পর এক প্রশ্নপত্র ফাঁসকারীদের তথ্য বের হতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৪ নভেম্বর রংপুর থেকে গ্রেপ্তার করা হয় নাভিদ আনজুম তনয় ও এনামুল হক আকাশকে। তাদের তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের সহায়তায় জালিয়াতি করে ভর্তি হওয়া নাহিদ ইফতেখার, রিফাত হোসেন, বায়েজিদ, ফারদিন আহম্মেদ সাব্বির, তানভির আহম্মেদ মল্লিক, প্রসেনজিৎ দাস, আজিজুল হাকিম, তানভির হাসনাইন, সুজাউর রহমান সাম্য, রাফসান করিম ও আখিনুর রহমান অনিককে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বর জিগাতলা থেকে নাজমুল হাসান নাঈমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৯ ডিসেম্বর রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে বনি ইসরাইল ও বিনোদপুর থেকে মারুফ হোসেনকে গ্রেপ্তার করে সিআইডি। রকিবুল হাসানকে এ দুজন ভর্তি জালিয়াতির জন্য ইচ্ছুক ছাত্রদের সংগ্রহ করে দিতেন।
সিআইডি কর্মকর্তা মোল্যা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া প্রেস কর্মচারী খান বাহাদুরই মূলত প্রশ্নপত্র ফাঁস করত। পরে তার কাছ থেকে ছড়িয়ে পড়ত সিন্ডিকেটের কাছে। এ সিন্ডিকেটের অন্য সদস্যদের কাজ ছিল জালিয়াতি করে ভর্তি হতে ইচ্ছুক সদস্যদের সংগ্রহ ও ডিভাইস সরবরাহ করা।
তিনি বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এ ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতি করে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অনেকেই এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।’
পুলিশের তথ্য অনুযায়ী, এ বছর প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৩৮ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে গ্রেপ্তার হন। অন্যরা পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন।
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন শিক্ষা বোর্ড, বিজি প্রেস, ট্রেজারি ও পরীক্ষাকেন্দ্র প্রশ্নপত্র ফাঁসের অন্যতম উৎস। এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে ছাপাখানা। গত ৯ বছরে পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুধু রাজধানীতেই ৯০টি মামলা হয়। এর মধ্যে ১৯টি মামলা তদন্তাধীন। এ পর্যন্ত ১২টি মামলার নিষ্পত্তি হয়েছে। তবে সাক্ষীর অভাবে আসামিরা অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন। বিচারাধীন অর্ধশত মামলা। প্রশ্নফাঁসের সঙ্গে শিক্ষকরাও জড়িত। গত ২৭ মার্চ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে আশুলিয়ার গাজীরচট এএম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর হোসেনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ২০১২ সালের পর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ৮০টি বিষয়ের (পত্রের) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রথমে প্রশাসন গুজব বলে এ তথ্য উড়িয়ে দেয়। পরে অবশ্য ২০১৪ সালে সরকারি তদন্তেই অভিযোগ প্রমাণিত হয়।
সূএ: আমাদেরসময়