Monday, November 23

মুক্তিযোদ্ধাদের সাহায্য নিয়েই ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছিল

0

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেনেন্ট জেনারেল অভয় কৃষ্ণ বলেছেন, ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু সেটা মুক্তিযোদ্ধাদের সহযোগিতায়। মুক্তিযোদ্ধারাও এই যুদ্ধের অংশীদার এবং সেই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
বাংলাদেশে বিজয় দিবস উদযাপনের ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসাবে শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে মন্তব্য করেছিলেন। ওই কর্মকর্তার লেখা ‘১২ দিনের ভারত-পাকিস্তান যুদ্ধ’ শীর্ষক একটি বইয়েরও মোড়ক উন্মোচন হয় সেদিন সকালে। ভারতীয় প্রাক্তন সেনা কর্মকর্তার এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়।
শনিবার কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চল শাখার বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের গণমাধ্যম প্রতিনিধিরা এই বিতর্কের বিষয়ে দেশটির পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতরের প্রধান লেফটেনেন্ট জেনারেল অভয় কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করেন। তখন তিনি বলেন, ‘‘অবশ্যই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল কিন্তু মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ছিল। তারাও এর অংশীদার ছিলেন। আর সেই কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেহেতু পূর্ব পাকিস্তান ওই সময় পাকিস্তানের অংশ ছিল তাই স্বাভাবিকভাবেই ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য।’’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লাখ শহীদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর বহু সদস্য প্রাণ দিয়েছিলেন। সেই সব শহিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমান্ড প্রতি বছর ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ পালন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের প্রাক্তন চিফ হুইপ আব্দুস শহীদ, অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত ছাড়াও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, তাদের পরিবার, মুক্তিযোদ্ধাসহ ৭২ জনের প্রতিনিধি দল অংশ নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.