এস এম জহিরুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত এক প্রাইভেটকার থেকে দুই ওয়ার্কসপ ব্যবসায়ীকে বহনকারী একটি মোটরসাইকেল লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে রুবেল (৩৫) ও হাসনাঈদ (২৫) নামে ওই দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।
রোববার রাত ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ওসি মো.দেলোয়ার হুসেন।
আহতরা উপজেলার বরমী ইউনিয়নের (নান্দিয়া সাঙ্গুন) গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল ও হাসনাঈদের বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, রঙ্গিলা বাজারে রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ শেষে মাওনা চৌরাস্তা যাওয়ার পথে তাদের মোটরসাইকেলকে লক্ষ করে ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে গুলি করে দুবৃর্ত্তরা। পরে পথচারিরা গুলিবিদ্ধ ওই দুই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, গুলিবিদ্ধ একজনের অবস্থা কিছুটা খারাপ বলে দায়িত্বরত চিকিৎসকের বরাতে জানান তিনি। কে বা কারা গুলি ছুড়েছে এবং এর জন্য যে গাড়িটি ব্যবহার করা হয়েছ তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।