মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : টেষ্টে অকৃতকার্য হয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে গাজীপুরের টঙ্গীতে ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে এক কলেজ ছাত্রী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের ছাত্রী হাবিবা আক্তার (১৭) হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে তার পিতা আলমগীর হোসেন জানান।
জানা যায়, হাবিবা তার অভিভাবককে নিয়ে গত কয়েকদিন ধরে কলেজে ফরম পূরণের জন্য চেষ্টা চালিয়ে আসছিলো। কিন্তু কলেজ কর্তৃপক্ষ অকৃতকার্যদের বিষয়ে কোন সিদ্ধান্ত না জানালে হাবিবা হতাশ হয়ে পড়ে। সহপাঠীদের উপহাস বিদ্রুপ তাকে আরো বিষিয়ে তোলে।
শনিবার দুপুরে হাবিবার মা তাকে খাবারের জন্য ডাকাডাকি করেও কোন সাড়া পায়নি। পরে তার ঘরে গিয়ে দেখতে পায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে টঙ্গী থানার এস আই আশরাফুল ইসলামসহ একদল পুলিশ টঙ্গী সরকারি হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।