Thursday, November 5

রাজধানীতে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা রহস্যজনকভাবে নিখোঁজ

0

এবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ব্র্যাক ব্যাংক রাজধানীর শ্যামলী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা নাইমুল ইসলাম সৈকত। গত মঙ্গলবার সকালে ব্যাংকের শ্যামলী শাখা থেকে গুলশানে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি।

এ ঘটনায় গতকাল বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নাইমুল ইসলাম সৈকতের গ্রামের বাড়ি বরিশালে। তার বাবার নাম নজরুল ইসলাম। রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি। দেড় বছর ধরে তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করছেন।

সৈকতের ভগ্নিপতি জামাল উদ্দিন জানান, গত মঙ্গলবার সকালে ব্যাংকের কাজে শ্যামলী থেকে বের হন সৈকত। এরপর দুপুর সোয়া ১২টার দিকে স্ত্রী তামান্না খান তন্নীর সঙ্গে তার কথা হয়। তখন তিনি গুলশানে যাওয়ার কথা জানান। পরে বিকেল ৪টার দিকে তন্নী খোঁজ নিতে গেলে তার মোবাইল ফোন বন্ধ পান।

পরের দুই ঘণ্টায়ও তার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। একপর্যায়ে মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান জানার চেষ্টা করা হয়। তাতে দেখা যায়, সর্বশেষ দুপুর সোয়া ২টায় তিনি নিকেতনে ছিলেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, সৈকতের সর্বশেষ অবস্থান ছিল রাজধানীর নিকেতন এলাকায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.