Tuesday, September 29

সেঞ্চুরি হলো না তামিমের

0

আজ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে শুরুটা ভালো হয়েছে টাইগারদের। টস জিতে ব্যাট করতে নেমে ধীরস্থিরভাবে শুরু করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেছেন ৭১ রান। ৩৫ রান করে এনামুল আউট হয়ে গেলেও সাকিবের ৪০ রান এবং তামিম ৮৪ রানের দারুন ইনিংস খেলে এগিয়ে যাচ্ছেন। ২৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান। কিন্তু ৩০তম ওভারে আকিলা ধনঞ্জয়ার প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। সেঞ্চুরি তুলে নেওয়ার পথেই ছিলেন বাংলাদেশের এ ওপেনার। ১০২ বলে খেলেছেন ৮৪ রানের ইনিংস। ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ওয়ানডেতে এক মাঠে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া থেকে তামিম আর মাত্র ৪২ রানের দূরত্বে দাঁড়িয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেবার তিনি নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও টসভাগ্য গেছে বাংলাদেশের পক্ষে। তবে এবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।
জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণভাবে করেছিল বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরে শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি তাই হাথুরুসিংহের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
মাঠে নামার আগেই অবশ্য বড়সড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। চোটের কারণে মাঠে নামতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। আজ তাঁর জায়গায় লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্দিমাল। অন্যদিকে দলে একটি পরিবর্তন এনে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সানজামুল ইসলামের পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.