বয়স বলে দিচ্ছে ২২ গজকে বিদায় জানানোর সময় এসে গেছে ক্রিস গেইল কিংবা লাসিথ মালিঙ্গাদের জন্য। কিন্তু সাম্প্রতিক ফর্ম বলছে, আরও কিছুদিন চালিয়ে গেলে মন্দ হয় না। গেইলকেই দেখুন। গত ডিসেম্বরে বিপিএলের পঞ্চম আসরে এসে কি ঝড়টাই না তুললেন। হাঁকালেন দুটি সেঞ্চুরি। ছক্কার বন্যা বয়ে গেল। শিরোপা জিতে নিল রংপুর রাইডার্স। আর সেই গেইল কিনা আইপিএলে পাত্তাই পেলেন না!
প্রথম দিন দুই বারের ডাকে গেইলকে কিনতে কেউ আগ্রহই দেখায়নি। দ্বিতীয় দিনে তৃতীয়বারের ডাকে তাকে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। তাও মাত্র ২ কোটি রুপিতে! অনেক তরুণ অনভিজ্ঞ ক্রিকেটার এর চেয়ে বেশি দাম পেয়েছেন। আর টি-টোয়েন্টির ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের এই অবস্থা!
গেইল তো তবু শেষ মুহূর্তে হলেও দল পেয়েছেন, লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা কিংবা প্রোটিয়া রান মেশিন হাশিম আমলাকে কিনতে আগ্রহই দেখায়নি কেউ। গত আসরে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আমলা। এছাড়া জস হ্যাজলউড, মরনে মরকেল কিংবা ভারনন ফিল্যান্ডারের মত টি-টোয়েন্টির ফেরিওয়ালারা কেউ সুযোগই পাননি। দারুণ ফর্মে থাকা ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুটকেও কেউ কেনার আগ্রহ দেখায়নি।
ভারতের মধ্যে দেখা গেলে পেসার ইশান্ত শর্মা দল পাননি এবার! আইপিএলে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটারদের একজন সাবেক নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরকে নামমাত্র (২.৮ কোটি) দামে এবার কিনে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরটি সম্ভবত এবার তারুণ্যের জয়গান গাইছে।
আইপিএলে বিক্রি হয়নি মানেই এই নয় যে একজন ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তবে যারা জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রতিই বেশি আগ্রহ দেখান, তাদের জন্য আইপিএল সতর্কবার্তা দিল- এটা বললে ভুল হবে না।