চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করতে বিচার বিভাগীয় এবং প্রশাসনিক দুটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার অধ্যাপক কায়কোবাদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রশাসনিক কমিটি এবং ঢাকা জেলা ও দায়রা জজের নেতৃত্বে পাঁচ জনের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দেন আদালত।
প্রশ্নফাঁস রোধের ব্যাপক প্রস্তুতির মধ্যে দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে শুরু করে সব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও সমমানের পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে যদি আসল প্রশ্নপত্র মিলে যায় সেক্ষেত্রে পরীক্ষা বাতিল করা হবে বলেও জানায় শিক্ষামন্ত্রণালয়।
এরইমধ্যে পরীক্ষা শুরুর পর প্রতিটি পরীক্ষার প্রশ্নই ফেসবুকে ফাঁস হয়ে যায় বলে গণমাধ্যমগুলোতে খবর রয়েছে। তবে মন্ত্রণালয় তা মানতে নারাজ। প্রশ্নফাঁস রোধে ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে সেখান থেকে আবার পিছু হাটে সরকার।