Wednesday, September 30

বউ পেটানোর গুজব খবরে চটেছেন তাসকিন

0

ক্রিকেট তারকা তাসকিন আহমেদ নাকি তার স্ত্রীকে মারধর করেছেন! কয়েকটা অনলাইন পোর্টালে এমন খবর বের হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে খবরটি। এ খবরে ভীষণ বিরক্ত ও ক্ষুব্ধ এ টাইগার। ক্ষোভের সঙ্গেই তাসকিন জানালেন, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন ওই পোর্টালের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কয়েকটা অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ে ‘এবার বউ পেটালেন তাসকিন’ ‘তাসকিনের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ’ এমন শিরোনামের সংবাদ। দক্ষিণ আফ্রিকা সফর থেকে এসেই হুট করে বিয়ের সিদ্ধান্ত ও তাসকিন জাতীয় দলের বাহিরে থাকায় গুজবের ডালপালা মেলতে থাকে।

বিষয়টি বেশ পীড়া দিচ্ছে জাতীয় দলের এই ফাস্ট বোলারকে। প্রথমে গুরুত্ব না দিলেও নিজের পরিবারের কথা চিন্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফায়েড পেইজে বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়ে পোস্ট দিয়েছেন এই তারকা।

ফেইসবুক পোস্টে তাসকিন লিখেছেন, ‘একটা বিষয় আমাকে এবং আমার পরিবারকে খুব মর্মাহত করেছে। আপনাদের দোয়ায় আমি ও আমার সহধর্মিণী নাঈমা ভালো আছি আর এভাবেই ভালো থাকতে চাই আপনাদের দোয়ায়।
গণমাধ্যম আমাকে সব সময় সহযোগিতা করেছে এই জন্য আমি কৃতজ্ঞ। জাতীয় দলের বাইরে থাকায় আমার মন স্বাভাবিকভাবেই কিছুটা খারাপ, জাতীয় দলে ফিরতে যখন আমি নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত তখন কোন এক গণমাধ্যম আমার এবং নাঈমার সংসার জীবন নিয়ে নেতিবাচক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। যে কারণে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সমাজের কাছে।
দয়া করে আমার এবং আমার পরিবারকে বুঝবেন। সবার কাছে আমার চাওয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আবার জাতীয় দলে ফিরে আসতে পারি….’

ফর্মহীনতায় সময়টা ভালো কাটছে না জাতীয় ক্রিকেট দলের এই গতি তারকার। দেশের মাটিতে এক মাসের ত্রিদেশীয় সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, টি- টোয়েন্টি সিরিজে মাঠের বাইরেই ছিলেন তাসকিন। জাতীয় দল থেকে বাদ পড়ে ঘরোয়া লিগেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। জাতীয় দলে ফিরতে হলে কঠোর পরিশ্রম করেই ফিরতে হবে এই তারকাকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.