বেনাপোল সংবাদদাতাঃ দীর্ঘ আড়াই বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ৪ বাংলাদেশী কিশোর । ফেরত আসারা হলো-যশোরের ঝিকরগাছা উপজলার কাবিলপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে মিন্টু রহমান (১৪) ও ভান্ডারখোলার ফতেপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭), সাতক্ষীরা সদরের ইটাগাছা গ্রামের আনিসুল ইসলামের ছেলে রায়হান গাজী (১৭) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সংখিভাংগা গ্রামের বাবু মন্ডলের ছেলে শেখ রাব্বী (১১)। সোমবার (১৯ মার্চ ) সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্থান্তর করেন। এ সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ডিউটি অফিসার খায়রুল ইসলাম ৪ বাংলাদেশী কিশোরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরৎ আসার বিষয়টি নিশ্চিত করেছেন ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ জানায়, দেশে ফেরত আসা যুবকেরা বিনা পাসপোর্টে ভারতে যান। অবৈধভাবে ভারতের হাওড়া এলাকায় ঘোরাঘুরির সময় সেদেশের পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের পুলিশ জেল হাজতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাদের তিনজনের আড়াই বছর এবং রাব্বীর ৪ বছরের সাজা দেয় সে দেশের আদালত। সেখান থেকে ভারতের হাওড়া জেলার ইটানডা কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি এনজিও তাদের মুক্ত করে নিজেদের হেফাজতে রাখে ।পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যেমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।
ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। সেখান থেকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি তাদেরকে গ্রহন করে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানান সংস্থার কো-অরডিনেটর সাকিবুর রহমান।