Wednesday, November 25

গাড়ী চালকদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

0

দুই বাসের প্রতিযোগিতার জেরে ডান হাত হারানোর ঘটনায় দুই গাড়ী চালককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এই রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০)।

এর আগে বেলা ২টার দিকে ওই দুই বাস চালককে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আফতাব আলী তাদের আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, এই দুই গাড়ি চালকের জাতীয় পরিচয়পত্র এখনো পাওয়া যায়নি। তাই সন্দেহ করা হচ্ছে, তারা তদের প্রকৃত ঠিকানা গোপন করেছেন। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন দিলে তারা পালিয়ে যেতে পারেন। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গতকাল হাইকোর্ট রাজীব হোসেনের চিকিৎসা ব্যয় ওই দুই বাস মালিককে বহন করতে দেওয়া হয়।

গত মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার বা ওভারটেক করার জন্য বাঁ দিকে গা ঘেঁষে পড়ে।

দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দু-তিনজন পথচারী দ্রুত তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন সে হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। শমরিতা হাসপাতাল সূত্র বলেছে, বিচ্ছিন্ন হওয়া হাতটি জোড়া লাগানো সম্ভব নয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.