খালেদা জিয়ার বাসার সামনে থেকে পুলিশ প্রত্যাহার

0

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি সাংবাদিকদের জানান, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের পর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আছেন। তিনি কারাগারে থাকলেও এত দিন তাঁর গুলশান এভিনিউয়ের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসা ফিরোজা ভবনের সামনে একজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু আজ বিকেল সাড়ে ৩টার দিকে হুট করে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।

এ ব্যাপারে গুলশান থানা পুলিশের কারো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা সেনানিবাসের বাড়ি হাতছাড়া হওয়ার পর থেকে গুলশানের ‘ফিরোজা’ বাড়িটিতে বসবাস করে আসছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৮ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তিনি ওই বাড়িতেই ছিলেন। সূত্র: এনটিভি অনলাইন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.