বেনাপোল সংবাদদাতা : ভালো কাজের প্রলোভন দেখিয়ে অবৈধ সীমান্ত পথে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১ শিশু সহ ১৯ জন বাংলাদেশী নারী তিন বছর ভারতে কারাভোগ শেষে আজ বুধবার বিকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরে এসেছে। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এদেরকে ফেরত পাঠিয়েছেন ভারত সরকার।
ফেরত বাংলাদেশিরা হলেন, আয়েশা (২৭) স্বপ্না (২৪) সুলতানা (২২) রিনা (২৩) রুমা (২০) শান্তা (১৬) রুপা (১৫) হালিমা (২০) নাজমা (২৪) মারিয়া (১৭) হালিমা বেগম (১৬) ইতি (১৫) রিক্তা (১৭) আশা (২২) নাছিমা (১৭) আদুরী (২৩) ডলি (২৮) রিনা (২৫) ও শিশু আব্দুল্লাহ (২)
ফেরত আসাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, যশোর , সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন গ্রামে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম বলেন, ফেরত আসা নারীরা সীমান্তের বিভিন্ন পথ দিয়ে গত ৩ বছর আগে ভারতে পাচার হয়। ভারতের মোম্বাই শহরে এরা বিভিন্ন বাসাবাড়ির কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় নেয়। এরপর দু-দেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায় তাদের বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত দিয়েছে ভারত সরকার। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর নামে এক এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।