একরাম নিহতের ঘটনায় শিগগির তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, কাউন্সিলর একরাম নিহতের বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্টে অপরাধের প্রমাণ মিললে ব্যবস্থা হবে।

টেকনাফে ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহতের ঘটনা নিয়ে শনিবার সকালে সাংবাদিকদের নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি আইন অমান্য করেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিংবা প্রলুব্ধ হয়ে এ ধরণের ঘটনার সূত্রপাত করে থাকেন। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একজন ম্যাজিস্ট্রেট তদন্তে রয়েছেন। ম্যাজিস্ট্রেটের তদন্ত যদি কোন রকম ইঙ্গিত আমাদের দেয় বা কোন নির্দেশনা থাকে তাহলে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা হবে। সে যদি নিশ্চিত করে দেয় যে, এটা এ ধরণের ঘটনা তাহলে আইন অনুযায়ী বিচার হবে।

মাদকবিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফে গত ২৬ শে মে একরামুল হক নিহত হন। তবে তাকে বাসা থেকে র‌্যাব এবং ডিজিএফআই এর স্থানীয় দুইজন কর্মকর্তা ডেকে নেওয়ার পর হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তার পরিবার অভিযোগ করেছে।

ঘটনার সময়কার ফোন কলের একটি অডিও ক্লিপ সাংবাদিকদের শুনিয়েছে একরামের স্ত্রী। কিছু সংবাদমাধ্যমেও অডিওটি প্রকাশ করা হয়েছে। ঘটনা নিয়ে রেকর্ড করা অডিওটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একরামুল হক উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। তিনি টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ও পৌর এলাকার কায়ুকখালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.