Thursday, September 24

চবি’র আট শিক্ষার্থী পাচ্ছে প্রধানমন্ত্রী স্বর্ণপদক

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৭ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯ জন শিক্ষার্থীকে মনোনীত করেছেন। স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকাতে চবির আট শিক্ষার্থীর নাম রয়েছে।

অনুষদভিত্তিক স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আট শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। স্বর্ণ পদকের জন্য মনোনীতরা হলেন, কলা ও মানববিদ্যা অনুষদ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগের মিজবাহ উদ্দিন তার সি. জি. পি.এ(৩.৭৯), সমাজ বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের সৈয়দ বিন কামাল চৌধুরী (৩.৮১), বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের ইসমাত-বিনতে ইসলাম (৩.৯০), জীব বিজ্ঞান অনুষদ থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের ফাহমিদা বিনতে ওয়ালী (৩.৯৫), ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ম্যানেজমেন্ট বিভাগের রিফা আক্তার (৩.৯৮), ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল হাসান ভূঁইয়া (৩.৮৭), মেডিসিন অনুষদ থেকে স্বাস্থ্য বিভাগের মো. আরাফাত ইভান (১২১৫) ও আইন অনুষদ থেকে দিলরুবা ইয়াসমিন (৩.৮২)।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সুবিধা মতো সময়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

স্বর্ণপদকে ভূষিত হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানান, প্রধানমন্ত্রী স্বর্ণপদক অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারকেও গর্বিত করেছে। আগামী দিনে এ ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতা দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.