Sunday, November 1

বগুড়ায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0

বৃহস্পতিবার গভীর রাতে বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেজাউল করিম ডিপজলের (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পুলিশের ধারণা, মাদক ব্যবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে তার মৃত্যু হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ডিপজল শহরের মালগ্রাম উত্তরপাড়ার আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে। সে ২০১৭ সালের ৮ মার্চ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে কর্তব্যরত অবস্থায় ছুরিকাঘাতে গুরুতর আহত করেছিল। ডিপজল পুলিশের অন্যতম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ডিপজল এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত ছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস সড়ক এলাকায় গোলাগুলি হচ্ছিল। এমন খবর পেয়ে সদর থানা পুলিশের কয়েকটি টহল টিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি দ্রুত সেখানে যান।

সনাতন চক্রবর্তী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক ব্যক্তিকে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থলে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পকেটে থাকা আইডি কার্ড দেখে তাকে মাদক ব্যবসায়ী রেজাউল করিম ডিপজল হিসেবে সনাক্ত করা হয়।

ওই পুলিশ কর্মকর্তার ধারণা, ডিপজল প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের গুলিতে মারা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.