কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আলাদা দুটি স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চিথলিয়া ও পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন চিথলিয়ার জহুরুল ইসলামের ছেলে নাঈমুল ইসলাম এবং অপরজন একই এলাকার জোয়াদ হোসেন।
সোমবার চিথলিয়া এলাকায় অপহরণের ১৭ দিন পর নয় বছরের শিশু দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। ‘বন্দুকযুদ্ধে’ নিহত নাঈমের বাড়ি থেকেই ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা-পুলিশ এই ঘটনার পর থেকে অভিযান শুরু করে। অপহরণকারীদের অবস্থানের খবর পেয়ে চিথলিয়া ও পাহাড়পুর এলাকায় দুটি আলাদা অভিযান চালানো হয়।
এ সময় গোলাগুলিতে অপহরণকারী চক্রের দুজন গুলিবিদ্ধ হন। পরে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়।