গাজীপুরের জরুন এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ডেল্টা অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার ভেতর এ ঘটনা ঘটে।
নিহতের নাম মিতু আক্তার (২২)। নিহত মিতুকে স্থানীয় ডেল্টা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানা শ্রমিক। তিনি কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকার আনিসুল হকের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার জিওদরা এলাকার মহারাজ হাওলাদারের মেয়ে।
শ্রমিকরা জানান, কারখানায় কাজ চলাকালে ওই নারী শ্রমিককে সিঁড়িতে কে বা কারা গলা কেটে ফেলে রেখে চলে যায় সেটি কেউ বুঝতে পারেনি। পরে বিষয়টি টের পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানির গাড়িতে তুলে কোনাবাড়ী শরীফ মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতু আক্তারকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে আমরা মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মিতুর স্বামী সোহেল রানাকে আটকের চেষ্টা করছে পুলিশ।