Sunday, September 20

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত

0

যশোরের ঝিকরগাছায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত সন্ত্রাসী টোকন (৩২) নিহত হয়েছে। শনিবার (৩০ জুন) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টোকন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ২৭টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, শুক্রবার (২৯ জুন) রাতে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় যশোর শহর থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভোর পৌনে ৪টার দিকে টোকনকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং টোকনকে ছাড়িয়ে নিতে তার সহযোগী সন্ত্রাসীরা গুলি ও বোমা নিক্ষেপ করে।

আত্মরক্ষর্থে পুলিশও পাল্টা সাত রাউন্ড গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয় টোকন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা-বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি (তদন্ত) আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.