বিএনপি যতই রঙিন স্বপ্ন দেখুক আগামী নির্বাচনকে সামনে রেখে ২০০১ সালের সেই নীল নকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন বাইপাস সড়ক পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
নির্বাচন পরিচালনা নিয়ে সরকারের কোন করণীয় নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু নির্বাচন কমিশন যেসব বিষয়ে সহযোগীতা চাইবে তাই সরকার প্রদান করবে। এছাড়া সম্প্রতি ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সফরে নির্বাচন ও রাজনীতি নিয়ে আওয়ামীলীগের কোন আলোচনা হয়নি, হয়েছে রোহিঙ্গা সমস্যা ও তিস্তা ইস্যু নিয়ে।
নির্বাচনে সব দলকে আনতে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাসহ সব নির্বাচনী কাজ করবে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা নিয়ে সরকারের করণীয় কিছু নেই। নির্বাচন কমিশন কোনো সহযোগিতা চাইলে সরকার শুধু সেই সহযোগিতা দেবে।’
এর আগে সকালে ওবায়দুল কাদের হেলিকপ্টারে করে ঢাকা থেকে চট্টগ্রাম পৌছেন। পরে স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরীর প্রয়াত মায়ের মিলাদ মাহফিলে যোগ দেন তিনি।
মন্ত্রীর সাথে এসময় স্থানীয় ও জেলা আওয়ামী লীগ নেতা এবং সড়ক ও জনপথ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।