Thursday, September 17

মানবতাবিরোধী অপরাধের মামলায়
মৌলভীবাজারের চার রাজাকারের ফাঁসি

0

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের চার রাজাকারের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

রায়ের মূল অংশ পাঠ করবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। ১৬০ পৃষ্ঠা রায়ের প্রথম অংশ পাঠ করছেন বিচারপতি আবু আহমেদ জমাদার। এরপর দ্বিতীয় অংশ পাঠ করেন বিচারপতি আমির হোসেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজনগর উপজেলার মাদরাসার সাবেক শিক্ষক আকমল আলী তালুকদার, আব্দুন নূর তালুকদার ওরফে লাল মিয়া, আনিছ মিয়া ও আব্দুল মোছাব্বির মিয়া। আসামিদের মধ্যে আকমল আলী তালুকদার ছাড়া বাকিরা এখনও পলাতক রয়েছেন।

গত ২৭ মার্চ উভয়পক্ষের যুক্তি তর্কশেষে যেকোনো দিন রায় ঘোষণার (সিএভি) জন্য রাখা হয়। এর ধারাবাহিকতায় আজ এ রায় দেয়া হয়।
গত বছরের ৭ মে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এ মামলার বিচার শুরু করে ট্রাইব্যুনাল। ৪ জুলাই সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে একাত্তরে ৫৯ জনকে হত্যা, ছয়জনকে ধর্ষণ, ৮১টি বাড়িতে লুটপাট অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
এ মামলায় প্রসিকিউশনের ১৩ জন সাক্ষীর মধ্যে পাঁচজনই একাত্তরে আসামিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ধর্ষনের শিকার।

প্রসকিউশনের পক্ষে এ মামলার শুনানিতে অংশ নেন সৈয়দ হায়দার আলী। তার সঙ্গে ছিলেন শেখ মুশফিক কবীর ও সায়েদুল হক সুমন।
আর আসামি আকমলের পক্ষে আইনি লড়াইয়ে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান শুনানি করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে ২০১০ সালে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি হচ্ছে ৩৩তম রায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.