Wednesday, September 16

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট থেকে

0

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগাম টিকিট বিক্রি আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে। ৮ আগস্ট দেওয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের আগাম টিকিট দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় ঢাকায় রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী জানান, এবার ঈদ উপলক্ষে বিশেষ নয় জোড়া ট্রেন দেওয়া হবে। মন্ত্রী বলেন, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ২৬টি কাউন্টারের মাধ্যমে টিকিট বিতরণ করা হবে। এই ২৬টির মধ্যে নারীদের জন্য আলাদা দুটি কাউন্টার সংরক্ষিত থাকবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না। প্রতিদিন সকাল আটটা থেকে এই টিকিট বিক্রি শুরু হবে।

সাধারণ সময়ে রেলে যাত্রী ধারণ ক্ষমতা প্রতিদিন ২ লাখ ৬০ হাজার। ঈদ উপলক্ষে তিন লাখ যাত্রী চলাচল করতে পারবেন। কালোবাজারি ঠেকাতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদের ফিরতি টিকিট দেওয়া হবে আগামী ১৫ আগস্ট থেকে। ১৫ আগস্ট দেওয়া হবে ২৪ আগস্টের টিকিট। ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের এবং ১৯ আগস্ট ২৮ আগস্টের টিকিট দেওয়া হবে। ফিরতি টিকিট দেওয়া হবে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.