Wednesday, September 16

রাজধানীতে শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, ৪ শিক্ষার্থী নিহত

0

রাজধানী ঢাকার বিমানবন্দর হোটেল রেডিসনের সামনে অপেক্ষারত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের একদল শিক্ষার্থীর ওপর যাত্রীবাহী বাস উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আরও ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন ।

নিহতদের তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে হোটেল র‌্যাডিসনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তায় বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

হোটেল র‌্যাডিসনের কাছেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জাবালে নূর পরিবহনের একটি বাস বনানী-এয়ারপোর্ট রোড দিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হোটেল রেডিসনের উল্টোদিকে শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় শিক্ষার্থী জাবালে নূর বাসে উঠার চেষ্টা করে। বাসটি না থামিয়ে শিক্ষার্থীদের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ৩ ছাত্র ও এক ছাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ৫ জন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে ক্যান্টনমেন্ট থানার এএসআই রেজাউল ইসলাম জানান।

জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। বাসের সুপারভাইজারকে শিক্ষার্থীরা আটক করেছে।

পুলিশ জানায়, বিক্ষোভের কারণে যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.