বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জালভোটের প্রতিবাদ করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নারী মেয়রপ্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর (মই) ওপর দুই দফায় হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে বরিশাল সিটিতে বিএম কলেজকেন্দ্রে বাসদের মেয়রপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ভোট দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন গণমাধ্যমকে জানান, পৌনে ১০টার দিকে ডা. মনীষা চক্রবর্ত্তীসহ সদর গার্লস স্কুল কেন্দ্রে গেলে তিনি দেখেন ব্যালটে আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে সিল মারছে। তাৎক্ষণিক রিটার্নিং অফিসারকে সংবাদ দেন তিনি।
এ সময় জালভোটের প্রতিবাদ করায় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে আওয়ামী লীগের দুই কর্মী ডা. মনীষাকে শারীরিকভাবে হামলা করেন। পরে তাকে আরেকদফা মারধর করা হয়।