Wednesday, November 25

মানহানির দুই মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়া

0

মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দেওয়ার অভিযোগে মানহানির দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপরাসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করে জামিননামা দাখিলের নির্দেশ দেন। আদালতে শুনানি করেন খালেদার প্যানেল আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে গত ১১ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মূলে এই দুই মামলায় জামিন আবেদন করা হলে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করা হয়। এর আগে গত ৫ জুলাই ঢাকার পৃথক মহানগর হাকিম খালেদার জিয়ার জামিন চেয়ে করা আবেদন নাকচ করেন।

মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট নালিশি মামলাটি দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।

ভুয়া জন্মদিন পালন করার অভিযোগ এনে দায়ের করা নালিশি মামলায় বলা হয়, ১৯৯৭ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। সে অনুযায়ী, সাবেক এ প্রধানমন্ত্রীর ম্যাট্রিক পরীক্ষার মার্কশিটে উল্লেখিত জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে খালেদার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদনমতে তাঁর জন্মদিন ১৯৪৫ সালের ১৯ আগস্ট।

এদিকে, তাঁর বিয়ের কাবিননামায় জন্মদিন ১৯৪৪ সালের ৪ আগস্ট। সর্বশেষ ২০০১ সালের মেশিন রিডেবল পাসপোর্টে তাঁর জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ আগস্ট। বিভিন্ন মাধ্যমে পাঁচটি জন্ম তারিখ পাওয়া গেলেও কোথাও ১৫ আগস্ট পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি পাঁচটি তারিখের একটিতেও জন্মদিন পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে আনন্দ-উৎসব করে জন্মদিন পালন করে আসছেন।

অন্যদিকে, যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে সমগ্র জাতির মানহানি করেছেন এমন অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে নালিশি মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

এ মামলায় বলা হয়, ‘২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি ও গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন।’ এতে মানহানি হয়েছে বলে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আসামি করে আদালতে নালিশি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.