বিএনপির নেতারা বোকার স্বর্গে বাস করছে: কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও দলটির নেতাদের সংশ্লিষ্ট যাঁরা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশে ২০১৪ সাল, ২০০১ সাল আর ফিরে আসবে না। বিএনপি সেই খোয়াব দেখলে অচিরেই কর্পুরের মতো উড়ে যাবে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্প ও সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত সরকার মেনে নেবে।

মন্ত্রী আরও বলেন, জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে যদি সহিংসতা সৃষ্টি করা হয়, তা হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে। তিনি গত চার বছরে বিএনপি আন্দোলনের ডাক দিয়ে কখনই সফলতার মুখ দেখেনি। জনগণ বিএনপিকে ভয় পায়; কারণ তাদের আন্দোলন মানেই জ্বালাও-পোড়াও।

বিএনপিকে সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কটের পর পাবলিক তাদের ডাকে সাড়া না দেওয়ার অর্থই হচ্ছে জনগণ নির্বাচিত সরকারকেই সমর্থন করে। এবং নির্বাচিত সরকারের উন্নয়ন অর্জন জনগণকে খুশি করেছে। তিনি বলেন, জনগণ শেখ হাসিনার সৎ, পরিশ্রমী নেতৃত্ব জনগণ আস্থায় নিয়েছে। যে কারণে বিএনপির আন্দোলনের জনগণের পক্ষ থেকে কোনো সায় নেই।

সড়ক পরিদর্শনকালে সেতুমন্ত্রী মন্ত্রী কর্তব্যে অবহেলার জন্য বিআরটি প্রজেক্টের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সানাউল হক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহারসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.