গাইবান্ধার পলাশবাড়ীতে সড়কের পাশে থেমে থাকা টাক্টরের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ছয়জন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইচমিল এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে ঢাকায় কর্মরত শ্রমিকরা সাউদিয়া পরিবহনের (দরবার) একটি বাসে করে গাইবান্ধায় আসে। গতকাল শুক্রবার রাতে বাসটি সাঘাটা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত পৌনে ১২টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় বাসটি রাইচ মিল এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা হাবিবা হালিম ফুডস পরিবহন নামের টাক্টরের (স্থানীয়ভাবে কাকড়া নামে পরিচত) সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এক পর্যায়ে খুঁটি হেলে গেলে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর ৮ বছরের শিশুসহ আরো দুইজন নিহত হন। এ ঘটনায় পলাশবাড়ী উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ তখন থেকে বন্ধ আছে।
পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সড়ক থেকে বাস ও ট্রাক্টর সরানো হচ্ছে। তবে বাস ও ট্রাক্টরের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
তিনি আরো জানান, দ্রুত গতি ও চালকের অসাবধনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে চালক ও সহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।