রাজধানীতে বৃহস্পতিবার জনসভা করবে বিএনপি

0

দেশের চলমান বিভিন্ন ইস্যুতে রাজধানীতে বিএনপির জনসভা আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ ঘোষণা দিয়েছেন।

রিজভী জানান, ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। পুলিশকে চিঠি দিয়েছি, গণপূর্ত অধিদফতরকে চিঠি দিয়েছি এবং সিটি করপোরেশনকেও আমরা চিঠি দিয়েছি। তিনি আরও বলেন, আমাদের জনসভা নিয়ে যে প্রক্রিয়া, কর্মকাণ্ড- তা এরই মধ্যেই সম্পন্ন করেছি।

রিজভী বলেন, আওয়ামী লীগের সুশাসনের বোধ কখনোই ছিল না। নানা ফন্দি ফিকির করে ক্ষমতায় এসে সন্ত্রাস বিতরণের কেন্দ্রে পরিণত হয়। চাঁদাবাজি, দখল, টেন্ডার সন্ত্রাস, লুটপাট, নির্যাতন-অত্যাচারের কাহিনী প্রতিদিন সংবাদপত্রের পাতায় জায়গা দখল করে থাকে।

তিনি বলেন, আওয়ামী রাজনীতি কখনই দলীয় সংকীর্ণতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি। সেজন্য আওয়ামী ক্ষমতাসীনরা ব্যাংক-বীমা, শেয়ার বাজার, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য সেক্টর সবই আত্মসাৎ করেছে। এখন বেওয়ারিশ লাশ দাফনের সেবা দানকারী প্রতিষ্ঠান আঞ্জুমানে মফিদুল ইসলামের ওপরও এদের নেক নজর পড়েছে।

জনসভা সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাতীয়তাবাদী দলের জনসভা বর্তমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েই তো, বাকিটা আপনারা সেদিনই জানতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুহাম্মদ আবদুল আউয়াল খান, মো: মুনির হোসেন উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.