চট্টগ্রামে পৌঁছেছে কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ। আজ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিএস১০৩-এর একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় আইয়ুব বাচ্চুর মরদেহ। ফ্লাইটে আইয়ুব বাচ্চুর স্বজনসহ মোট ২০ জন রয়েছেন। এলআরবি ব্যান্ড সূত্রে এ খবর জানা গেছে।
বিমান বন্দরে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত থেকে বাংলা ব্যান্ডের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেন। এসময় বিমান বন্দরে শত শত ভক্ত মিডিয়া কর্মী ও আত্মীয় স্বজনরা উপস্থিতত রয়েছেন।
চট্টগ্রাম নগরীতে জানাজা শেষে আজ আইয়ুব বাচ্চুর নানাবাড়ি চট্টগ্রামের মাদারবাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে কিংবদন্তি এই শিল্পীকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন, জানাজা ও দাফনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে তার চতুর্থ নামাজে জানাজা। জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন রুপালী গিটারের এ যাদুকর।
জানাগেছে আইয়ুব বাচ্চুর কফিনের সাথে ঢাকা থেকে ২৫ জন পরিবার আত্মীয় স্বজনরা এসেছে।
বিমান বন্দরে উপস্থিত থাকা সিটি মেয়র আ জ ম নাছির বলেন, আইয়ুব বাচ্চুর মরদেহ সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মামা আবদুল আলিমের বাড়ী পশ্চিম মাদারবাড়ী রেল গেইট এলাকায় বালুর মাঠ প্রাঙ্গনে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সেখানে তার আত্মীয় স্বজন এবং ঘনিষ্ট্যরা শেষবারের মত দেখতে পারবে।
বেলা ৩টায় মাদারবাড়ী থেকে মরদেহ নেয়া হবে দামপাড়া জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে নেয়া হবে তাঁর মরদেহ। সেখানে বন্ধুবান্ধব ও সাধারণ মানুষ তাকে শেষ বারের মত দেখার সুযোগ পাবে।
এরপর বাদ আছর অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। পরে ষ্টেশন রোডের চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে।
জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে নেয়ার পর নামাজে জানাজা এবং দাফন পর্যন্ত পুরো কার্যক্রম তত্ত্বাবধান করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সঙ্গীত ব্যক্তিত্ব আইয়ুব বাচ্চু বেড়ে উঠেন চট্টগ্রামে। তার শেষ যাত্রাও এখানেই।