Monday, September 14

আপিলেও মনোনয়ন পেলেন না হিরো আলম

0

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও মনোনয়নপত্র ফিরে পাননি বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার আপিল শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি।
তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন হিরো আলম।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিল। ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম। হিরো আলম সোমবার নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।
আপিলের রায়ে হিরো আলমের প্রার্থিতা বাতিল হয়ে যায়।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। উচ্চ আদালতে আপিল করবো।

একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হিরো আলম পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
আপিল শেষে হিরো আলম গণমাধ্যমকে বলেছিলেন, ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের পেছনে কোনো কারণ নেই।
ষড়যন্ত্র কী-এমন প্রশ্নে হিরো আলম সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেছিলেন, এ দেশের রাজারা চান না প্রজারা রাজা হোক। এমপি-মন্ত্রীরা চান না আমরা পাবলিক এমপি-মন্ত্রী হই। তারা সবসময় চান তাদের বউ, ছেলেমেয়ে ও উত্তরাধিকাররা এমপি-মন্ত্রী হোক।
তিনি বলেন, এ ষড়যন্ত্রকারীরা আমাকে এমপি হতে দেবে না। এ জন্য ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের পক্ষে যুক্তি দিতে গিয়ে রোববার নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষরসংবলিত যে তালিকা জমা দিয়েছেন, তা যাচাই করে দেখা গেছে-তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’
এ বিষয়ে হিরো আলম বলেন, আমার নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ১২ হাজার ৮৬। সে অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার জন্য তিন হাজার ১২১ জনের স্বাক্ষরই যথেষ্ট। আমি দিয়েছি তিন হাজার ৫০০ জনের স্বাক্ষর। কোনো অবস্থাতেই আমার মনোনয়নপত্র বাতিল হতে পারে না।
রাগে ও ক্ষোভে অভিমানী হিরো আলম বলেন, আমার প্রতি অন্যায় করা হয়েছে। আমার ক্ষমতা নেই বলেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শামসুল হুদার আবেদনের শুনানির মাধ্যমে কমিশন এ কার্যক্রম শুরু করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করছেন।
এরই মধ্যে আবেদন করে প্রার্থিতা ফিরে পেয়েছেন গোলাম মাওলা রনিসহ বিএনপির পাঁচ প্রার্থী।ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.