লালমনিরহাট প্রতিনিধি : বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আতংকিত। প্রতিদিন বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ ছাড়া রাতে বিএনপি’র নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে নির্বাচনী প্রচারনায় না যেতে। নির্বাচন যত কাছে আসছে পুলিশের গ্রেফতার ততই বেড়ে যাচ্ছে। তিনি শুক্রবার রাতে হাতীবান্ধা উপজেলা বিএনপি’র কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উওরে এসব অভিযোগ করেন।
এ দিকে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের বিএনপি’র প্রার্থী রোকন উদ্দিন বাবুল সাংবাদিক কাছে অভিযোগ করেন, তার প্রতিপক্ষ প্রার্থী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিএনপি’র নির্বাচনী প্রচার কর্মীদের তালিকা করে গ্রেফতার করছেন। তার নির্বাচনী প্রচারে বাধা দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সাথে একাধিক বার কথা হলেও গ্রেফতার থামছে না। উল্টো প্রতিমন্ত্রীর নির্দেশে গ্রেফতার অভিযান বেড়ে গেছে পুলিশের।