Thursday, September 17

নৌকায় ভোট দিন, আপনাদের সেবা করাই আমাদের কাজ: প্রধানমন্ত্রী

0

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আছি আপনাদের সেবায়। আপনাদের সেবা করাই আমাদের কাজ। আবার নৌকা মার্কায় ভোট নিয়ে সেবা করার সুযোগ দিন। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট দিন। আমরা সারাদেশেই সার্বিকভাবে উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছি। এরই মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে; এর ধারাবাহিকতা বজায় রাখা একান্তভাবে প্রয়োজন। তাই, আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করবো, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে যারা ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত জোট তারা জনগণের কল্যাণে কোনো কিছু দিতে পারে নাই। কিন্তু নিজেরা অর্থ সম্পদের মালিক হয়েছে, বিদেশে পাচার করেছে। সেই অর্থ পাচার করতে যেয়ে ধরাও খেয়েছে। তারা দেশের মানষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করেছে।

আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। তাই, এই ১০ বছরে যে উন্নয়ন হয়েছে আর ভবিষ্যতে যে পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হলে সরকারের ধারাবাহিকতা একান্তভাবে প্রয়োজন। তাই আপনাদের কাছে, আমার আবেদন থাকবে, আমরা ঢাকা দক্ষিণে যাদের প্রার্থী করেছি তাদের বিজয়ী করবেন। যোগ করেন প্রধানমন্ত্রী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুইপার কলোনীর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতল ভবনে ফ্ল্যাট নির্মাণ করার উদ্যোগের উদাহরণ দিয়ে আগামীতে উত্তর সিটি করপোরেশনেও করে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের যেকোনো মানুষ সুন্দরভাবে বাঁচবে। খালি বড়লোকরা ফ্ল্যাটে থাকবে তা হবে না। আমার দরিদ্র মানুষও ফ্ল্যাটে থাকবে। আমরা সেই ব্যবস্থাই তৈরি করে দিচ্ছি। আমার রাজনীতিটাই হচ্ছে এ দেশের কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের জন্য। তাই আপনাদের কাছে আমরা ভোট চাই। আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো।

‘২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। ২১০০ সালে এই বাংলাদেশ বিশেষ একটা সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠবে। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে। সেই সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আমি আছি আপনাদের সেবায়, আপনাদের সেবা করাই আমাদের কাজ’।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.