ঢাকার আদাবরে কলেজশিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। ২৩ ডিসেম্বর দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভূঞা জানান, মামলার একমাত্র আসামি গুলশানের ব্রোকারেজ হাউস হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক জহিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে গত বছরের ২০ এপ্রিল এ হত্যা মামলার বিচার শুরু হয়। মামলায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল (৩৫)।
তার স্বামী সীতাংশু শেখর বিশ্বাস বিআরটিএর প্রকৌশল বিভাগের উপ-পরিচালক ছিলেন। ঘটনার পর তার বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস জহিরুল ইসলাম পলাশকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ মে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন।
অভিযোগপত্রে বলা হয়, সীতাংশু বিশ্বাস হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের মাধ্যমে বিও অ্যাকাউন্ট খুলেছিলেন। সেখানে আট লাখ টাকা ছিল। শেয়ার ব্যবসার সূত্রেই জহিরুলের সঙ্গে সীতাংশুর পরিচয়। সীতাংশুর শেয়ার আত্মসাৎ করার জন্য তাকে হত্যার চেষ্টা করে জহিরুল এবং তার হামলায় কৃষ্ণা কাবেরীর মৃত্যু হয় বলে অভিযোগপত্রে বলা হয়।