আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ সোমবার। রাষ্ট্রপতির প্রেস সচিব মো.জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নিবেন নতুন মন্ত্রিপরিষদ সদস্যরা। বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ এ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে।
এর আগে গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা। ওই দিন ১১টায় বিধি মোতাবেক দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করান।
এদিকে, রোববার বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এবারের মন্ত্রিসভা গঠিত হচ্ছে প্রধানমন্ত্রীসহ ২৫জন পূর্ণমন্ত্রী, ১৯জন প্রতিমন্ত্রী ও ৩জন উপমন্ত্রী নিয়ে। সব মিলিয়ে মন্ত্রিপরিষদের সদস্য ৪৭জন।
একাদশ সংসদ নির্বাচনে ২০০৯, ২০১৪ এর পর এবার টানা তৃতীয়বার মতো ক্ষমতায় এসে অনেক নতুন মুখ নিয়ে নতুন সূচনা হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার।
বিদায়ী সরকারে থাকা হেভিওয়েট মন্ত্রীদের অধিকাংশেরই জায়গা হয়নি নতুন মন্ত্রিসভায়।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা।
মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন-ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), আ হ ম মোস্তফা কামাল (অর্থ মন্ত্রণালয়), ড. আব্দুর রাজ্জাক (কৃষি মন্ত্রণালয়), ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়), আনিসুল হক (আইন ও সংসদ মন্ত্রণালয়), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ড. হাছান মাহমুদ (তথ্য মন্ত্রণালয়), এম এ মান্নান (পরিকল্পনা মন্ত্রণালয়), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প মন্ত্রণালয়), টিপু মুনশি (বাণিজ্য মন্ত্রণালয়), বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য মন্ত্রণালয়), ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র মন্ত্রণালয়), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি মন্ত্রণালয়), তাজুল ইসলাম (স্থানীয় সরকার মন্ত্রণালয়), সাহাবউদ্দিন (পরিবেশ ও বন মন্ত্রণালয়), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), জাহিদ মালেক (স্বাস্থ্য মন্ত্রণালয়), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য মন্ত্রণালয়), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), নুরুল ইসলাম সুজন (রেল মন্ত্রণালয়), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়)
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন- শাহরিয়ার আলম (পররাষ্ট্র মন্ত্রণালয়), ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়), জুনাইদ আহমেদ পলক (আইসিটি মন্ত্রণালয়), কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন মন্ত্রণালয়), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম, আশরাফ আলী খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি মন্ত্রণালয়), মাহবুব আলী (বিমান মন্ত্রণালয়), ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়), শরীফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়), কে এম খালিদ (সংস্কৃতি মন্ত্রণালয়), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়), জাহিদ ফারুক (পানিসম্পদ মন্ত্রণালয়), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম মন্ত্রণালয়)।
উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন- বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও বন মন্ত্রণালয়), এনামুল হক শামীম (পানিসম্পদ মন্ত্রণালয়), মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা মন্ত্রণালয়)।
একাদশ জাতীয় সংসদসহ টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে নৌকা প্রতীকে মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে, ৭টি (বিএনপি ৫টি এবং গণফোরাম ২টি) আসন পেয়েছে ঐক্যফ্রন্ট। এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।