মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সংরক্ষিত নারী আসনে উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরুজা বারীকে এমপি করার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। আজ রোববার স্থানীয় ভালবাসি সুন্দরগঞ্জ সংগঠনের আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব, তারাপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি শামসুল হক, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ফরহাদ মন্ডল প্রমূখ।
এদিকে আফরুজা বারীকে এমপি করার দাবিতে উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম লেবু বেশ কিছু সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করেছে।