সাতক্ষীরার খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসপাড়া মোড় এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৭টার দিকে ওই যুবকের লাশ পাওয়া যায়। নিহতের মাথায়, বুকে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।নিহতদের পাশে একটি টিভিএস মোটরসাইকেল পাওয়া গেছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, সকালে সড়কের পাশ থেকে একটি গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। নিহতের মাথায়, বুকে ও পায়ে গুলি লেগেছে। লাশের পাশে একটি মোটরসাইকেল ও কয়েকটি ফেনসিডিল পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। ভোর রাতের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।