Thursday, September 3

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় কলেজের ছাত্রী নিহত

0

কলেজে যাওয়ার উদ্দেশ্যে সকালে বের হন বাসা থেকে। বাসযোগে কোতোয়ালীর মোড়ে নেমে পার হচ্ছিলেন রাস্তা। কিন্তু কে জানতো, রাস্তা পার হতে গিয়ে নিজেই চলে যাবেন জীবনের ওপারে। বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালী মোড়ে কাভার্ড ভ্যান চাপায় তিনি প্রাণ হারান।
সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোমা বড়ুয়ার (১৮) মর্মান্তিক মৃত্যু কাঁদিয়েছে সবাইকে। সোমা বড়ুয়া চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার বড়ুয়া পাড়ার রূপায়ন বড়ুয়ার মেয়ে। পরিবারে তিন বোনের মধ্যে সবার ছোট সোমা। তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, সোমার স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। লাশ ঘরের সামনে সোমার মা কুমকুম বড়ুয়াকে বুকে চেপে রেখে কান্না থামানোর চেষ্টা করছেন স্বজনরা। কিন্তু কোনোমতেই তার কান্না থামছে না। খবর পেয়ে সোমার সহপাঠীরাও হাসপাতালে ভিড় করেন।
এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি ও ঘাতক চালক জসিম উদ্দীনকে আটক করেছে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মরদেহ ময়না তদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সোমার সহপাঠীরা বন্ধুকে হারিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। নগরে দিনের বেলায় ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধে আইন কার্যকর করার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ঝর্ণা খানম বলেন, সোমা বড়ুয়ার মৃত্যুর ঘটনা মর্মান্তিক। তিল-তিল করে বেড়ে ওঠা একটি স্বপ্নের এমন অপমৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.