বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৯ হাজার ৫৩৫টি শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশকৃতদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এনটিআরসিএ’র ওয়েবসাইটে (ngi.teletalk.com.bd) এ তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ৩১ লাখ আবেদন জমা হয়। বৃহস্পতিবার রাতে নিয়োগের জন্য সুপারিশ করা শিক্ষকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
সুপারিশকৃত প্রার্থীদের তালিকা দেখার জন্য http://ntrca.gov.bd অথবা http://ngi.teletalk.com.bd এ ক্লিক করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শূন্য পদে নিয়োগের জন্য অনলাইনে চাহিদা চাওয়া হয়। এতে গত ২৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজার ১৮৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৯ হাজার ৫৩৫টি পদের চাহিদা পাওয়া যায়।
এই পদগুলোতে নিয়োগের জন্য নিবন্ধন সনদধারীদের কাছ থেকে গত ১৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন চাওয়া হয়। ৩৯ হাজার ৫৩৫টি পদের বিপরীতে ২৫ লাখ ৭৯ হাজার ১৯৬টি আবেদন পাওয়া যায়।
পরবর্তী সময়ে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ভুল চাহিদা দিয়েছে বলে এনটিআরসিএকে লিখিতভাবে জানায়। সেই পরিপ্রেক্ষিতে ১৩২টি প্রতিষ্ঠানের ভুল চাহিদাজনিত কারণে ২১৮টি পদে নিয়োগের সুপারিশ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনটিআরসিএ।
এ ফলাফেলর বিষয়ে কোনো জিজ্ঞাসা, প্রশ্ন বা মতামত থাকলে ৪১০৩০০৪৩, ৪১০৩০০৪৭, ৪১০৩০১২৯, ০১৮১৪৩৪৬৪৩৪, ০১৭৮৬৪৭৯৩৫২, ০১৫৫৮০৫৬১৪২ নম্বরে যোগাযোগ করতে বলেছে এনটিআরসিএ।