গোপালগঞ্জে বাস খাদে পড়ে বেসিক ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে বেসিক ব্যাংক কোটালীপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা ক্যাশ নুরুল ইসলাম (৪০) ও কোটালীপাড়া উপজেলার পূর্বপাড়া গ্রামের শহিদ মোল্লার মেয়ে মোমেনা বেগম (২৫)।
গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, গোপালগঞ্জে থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী একটি লোকাল বাস খানারপাড় ব্রিজ পার হওয়ার পর বাসের ইঞ্জিনে শব্দ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হয়েছে বাসের আরো অন্তত ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে পাঠানো হয়েছে।
